চীনে ফক্সকনের বিরুদ্ধে তদন্ত শুরু

২৫ অক্টোবর, ২০২৩ ১০:০৬  

তাইওয়ানভিত্তিক আইফোন নির্মাতা ও সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চীনের কর কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে কর কর্মকর্তারা চীনের দুটি প্রদেশে ফক্সকনের কার্যালয়ে অভিযান চালিয়েছে বলে খবর দিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস। তবে ফক্সকনের বিরুদ্ধে তদন্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চীনা কর্তৃপক্ষ। অপরদিকে ফক্সকন জানিয়েছে, তারা তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করবে। বিশ্লেষকেরা বলছেন, চীনের এমন সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।

গ্লোবাল টাইমস জানিয়েছে, তাইওয়ানের অনেক লোক সন্দেহ করছেন যে টেরি গউ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণেই ফক্সকনের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। তবে কেউ কেউ মনে করছেন, বাণিজ্যযুদ্ধে পাল্টা আঘাত হিসেবে যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাপলকে লক্ষ্য করে তদন্ত শুরু করেছে চীন।

ফক্সকনের বিরুদ্ধে খবর প্রকাশের পর সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ২ শতাংশ নেমে যায়। অন্যদিকে বাজারে লেনদেনের আগে অ্যাপলের শেয়ার কমেছে প্রায় ১ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী জানুয়ারিতে তাইওয়ানে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে সম্প্রতি ঘোষণা দিয়েছেন ফক্সকনের প্রতিষ্ঠাতা ধনকুবের টেরি গউ। সেই ঘেষণায় টেরি প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে তাইওয়ানকে ‘পরবর্তী ইউক্রেন’ হওয়া থেকে রক্ষা করতে চেয়েছেন। কিন্তু এ ঘটনার দুই মাসের কম সময়ের মধ্যে তার কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করল চীন।

যুক্তরাষ্ট্রের কোম্পানি অ্যাপলের তৈরি আইফোনের জন্য অন্যতম বৃহত্তম সরবরাহকারী ফক্সকন। কোম্পানিটি বলেছে, তারা সারা বিশ্বে যেখানেই কাজ করে, সেখানেই আইনি বিষয় মেনে কাজ করা তাদের মৌলিক নীতি। বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ‘এখানেও আমরা সক্রিয়ভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সহযোগিতা করব।’